চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ছয়জনকে আটক করার পাশাপাশি নিবন্ধনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বুধবার (১১ নভেম্বর) রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে জেলা পুলিশ ও ডিবির একাধিক দল এ অভিযানে অংশ নেয়।

দক্ষিণ রাঙ্গুনিয়ার মোবারক টিলা, সৈয়দের খিল, কাইন্দার কুল, ভাল্লুকীয়া টিলা, মীরেরখীল ও ক্ষেত্রবাজারসহ বিভিন্ন দুর্গম এলাকায় একযোগে এ তল্লাশি চালানো হয়। এ সময় পাহাড়ি এলাকার বিভিন্ন বসতবাড়ি, সন্দেহভাজন স্থাপনা এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য অবস্থানস্থলগুলোতে অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানকালে ছয়জনকে আটক করা হলেও তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় এবং সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ উল্লেখ করেছে, পাহাড়ের দুর্গম ভূপ্রকৃতিকে ব্যবহার করে অপরাধীরা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যেই এ বিশেষ অভিযান চালানো হয়েছে। এ ছাড়া অপরাধীদের অবস্থান শনাক্ত ও সম্ভাব্য আস্তানাগুলো চিহ্নিত করতে এলাকায় গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।