জুমার দিন কিংবা অন্যান্য ওয়াক্তের নামাজে মসজিদে এসে জুতা চুরি হওয়া বা হারিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। নামাজ আদায়রত অবস্থায় কেউ জুতা চুরি করে নিয়ে যাচ্ছে বুঝতে পারলে একজন মুসল্লির করণীয় কী—এ বিষয়ে ইসলামী শরিয়তের সুস্পষ্ট বিধান রয়েছে।

নামাজ ছেড়ে দেওয়া কি জায়েজ? ইসলামী ফিকহ শাস্ত্র অনুযায়ী, নামাজরত অবস্থায় মোটামুটি মূল্যের কোনো সম্পদ বা জিনিস নষ্ট হওয়া কিংবা চুরি হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হলে, সেই সম্পদ হেফাজত করার উদ্দেশ্যে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ রয়েছে। এতে কোনো গুনাহ হবে না।

উদাহরণস্বরূপ, কোনো মুসল্লি নামাজে দাঁড়ানোর পর যদি দেখেন যে তাঁর মূল্যবান জুতা (যেমন- ১ হাজার ৭০০ টাকা মূল্যের) চোর নিয়ে যাচ্ছে, তবে তা উদ্ধারের জন্য তাৎক্ষণিকভাবে নামাজ ভেঙে চোরকে ধরার চেষ্টা করা বৈধ। এ কারণে জুমার জামাত ছুটে গেলে পরবর্তীতে নিয়ম অনুযায়ী জোহরের নামাজ আদায় করে নিতে হবে।

এ বিষয়ে একাধিক তাবেয়ি থেকে বর্ণিত রয়েছে যে, নামাজরত অবস্থায় তাঁদের আরোহী (বাহন বা পশু) চলে যেতে দেখলে তাঁরা নামাজ ছেড়ে দিয়ে আগে সেটিকে হেফাজত করেছেন।

এ ছাড়া ফকিহগণের মতে, ‘এক দিরহাম’ অর্থাৎ ৩.০৬১৪ গ্রাম রুপা সমপরিমাণ (বর্তমান বাজারমূল্যে প্রায় ৯১৮ টাকা) বা তার চেয়ে বেশি মূল্যের সম্পদ রক্ষার প্রয়োজনে নামাজ ভেঙে ফেলা জায়েজ।

নামাজের একাগ্রতা বা খুশু-খুজু বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নামাজে দাঁড়ানোর আগেই জুতা বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে রাখা উচিত, যেন নামাজ চলাকালীন এ নিয়ে দুশ্চিন্তা বা মনোযোগ নষ্ট না হয়।