মানিকগঞ্জের ঘিওরে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে একটি বেসরকারি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই তিন প্রতিষ্ঠানকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ঘিওর উপজেলার আধুনিক হাসপাতাল, ইউনিক মেডিকেল সেন্টার এবং এভারগ্রীন মেডিকেল সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস এবং ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঘিওর আধুনিক হাসপাতালে নারী ও পুরুষ রোগীদের জন্য পৃথক কেবিন বা ওয়ার্ড এবং স্বাভাবিক প্রসবের জন্য নির্দিষ্ট কোনো কক্ষ ছিল না। এছাড়া অপারেশন থিয়েটারের নথিতে চিকিৎসকের নাম না থাকা, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে অনিয়ম এবং প্যাথলজি বিভাগে নিয়মবহির্ভূত পরীক্ষা-নিরীক্ষার প্রমাণ পাওয়ায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে এভারগ্রীন মেডিকেল সেন্টারের প্যাথলজি বিভাগে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা ও ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং ল্যাবে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা না থাকায় ইউনিক মেডিকেল সেন্টারকেও ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, জেলার প্রতিটি মানুষ যেন মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ কাজ করছে। পরিদর্শনে প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসেবা দেওয়ার অনুপযুক্ত পাওয়া গেছে এবং সাধারণ মানুষের সঙ্গে এ ধরনের প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না।