ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে মাওলানা আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই অনুমতি বাতিল করা হয়। তবে প্রশাসনের অনুমতি না মিললেও মাঠে মঞ্চ তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন আয়োজকরা। অন্যদিকে, একই স্থানে মাদকবিরোধী সমাবেশের ঘোষণা দিয়েছে ‘সচেতন কালীগঞ্জবাসী’।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাহফিলের অনুমতি না দেওয়ার বিষয়টি জানানো হয়।

জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের উপস্থিত থাকার কথা ছিল। মাহফিলের অনুমতি চেয়ে মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী আবেদন করলেও পুলিশ সুপার কার্যালয়ের তদন্ত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করায় জেলা প্রশাসন তা নাকচ করে দেয়।

এদিকে, অনুমতি না মিললেও বৃহস্পতিবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক সেখানে মঞ্চ তৈরির কাজ করছেন এবং মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকীও সেখানে উপস্থিত রয়েছেন। তিনি দাবি করেন, এমপি আবু তালিব ও সংগঠনের সার্বিক দায়িত্বে এই আয়োজন করা হচ্ছে এবং তাদের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

অন্যদিকে, একই মাঠে শুক্রবার দুপুর ২টায় ‘মাদকবিরোধী সমাবেশ’ করার ঘোষণা দিয়ে বৃহস্পতিবার বিকেলে শহরে মাইকিং করা হয়েছে এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সেদিকে পুলিশ সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখছে এবং পুলিশ নিজদের দায়িত্ব পালন করছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ জানান, একই স্থানে মাদকবিরোধী সমাবেশের বিষয়টি তার জানা নেই, খোঁজ নিয়ে দেখছেন। এ বিষয়ে বক্তব্য জানতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।