ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ নূরীকে মুঠোফোনে চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একটি অপরিচিত নম্বর থেকে অধ্যক্ষ ইলিয়াছ নূরীর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল আসে। পরে ওই নম্বরে কল ব্যাক করলে অপর প্রান্ত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ‘পোলাপাইনদের পরিচালনা করার জন্য’ মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।

বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দাবিকৃত টাকা পরিশোধের জন্য সময় বেঁধে দিয়ে তাঁকে প্রাণে মেরে ফেলাসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। এরপর থেকে ওই নম্বর থেকে বারবার ফোন করে তাঁকে হয়রানি ও আতঙ্কিত করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অধ্যক্ষ ইলিয়াছ নূরী বলেন, “আমাকে ফোন করে চাঁদা দাবি করা হয়েছে। তবে টাকার নির্দিষ্ট অঙ্ক বলেনি। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, তিনি রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসনে তিনি মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ফোন নম্বরটি শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই ও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।