মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৪ মিনিটে উপজেলার মাওয়ামুখী লেনের সমষপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তাদের দুজনের বাড়িই ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪ মিনিটে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে সমষপুর এলাকায় দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি চলন্ত মোটরসাইকেলটিকে (ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩) সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনা এড়াতে এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করা এবং ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পুনরায় তাগিদ দেওয়া হয়েছে।