তিন দিনের তুরস্ক সফরের শেষ দিনে দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এরপর তিনি তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ‘জিরো ওয়েস্ট মিউজিয়াম’ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও ফার্স্ট স্পাউসরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জাদুঘরটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী এমিনে এরদোয়ানের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ডা. জুবাইদা রহমান। এ সময় অনুষ্ঠানে আগত অন্যান্য দেশের ফার্স্ট লেডি ও স্পাউসদের সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়।
নবনির্মিত জিরো ওয়েস্ট মিউজিয়ামে বর্জ্য হ্রাস, ব্যবহৃত সামগ্রীর পুনর্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন আধুনিক পদ্ধতি ও উদ্যোগ তুলে ধরা হয়েছে। প্লাস্টিকদূষণ কমিয়ে আনা এবং পরিবেশবান্ধব জীবনযাপনে সাধারণ মানুষকে উৎসাহিত করাই এই জাদুঘরের মূল লক্ষ্য।
উল্লেখ্য, তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের উদ্যোগে ২০১৭ সালে দেশটিতে ‘জিরো ওয়েস্ট’ আন্দোলন শুরু হয়। বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে একটি টেকসই পরিবেশ নিশ্চিত করাই এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য।
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান ডা. জুবাইদা রহমান। সফরকালে তিনি জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।