জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় তারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন এবং জুলাই গণ-অভ্যুত্থানের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে প্রবর্তক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রবর্তক মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে নেতা-কর্মীরা ‘জনগণের নিরাপত্তা দাও, নইলে গদি ছাড়ো’, ‘জুলাই সনদ মেনে নাও, নইলে গদি ছাড়ো’ এবং ‘গণহত্যার বিচার দাও, নইলে গদি ছাড়ো’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী নুসরাতের বাড়িকে টিনের বাড়ি বলে উল্লেখ করেছেন। কিন্তু আমাদের কাছে এই টিনের বাড়ির মূল্য অনেক। বাড়িটি বাংলো না হলেও সেখানে আগুন দেওয়ার ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।” দেশে একের পর এক মাদ্রাসা ও ব্যবসায়ীর ট্রাকে অগ্নিসংযোগের ঘটনার দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির আহ্বায়ক আকরামুল হোসেন বলেন, “এমন নিরাপত্তাহীন বাংলাদেশ দেখার জন্য জুলাইয়ে শহীদেরা আত্মত্যাগ করেননি। স্থানীয় সরকার নির্বাচনের আগে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো চুক্তি সরকারের সঙ্গে হয়ে থাকলে সরকারকেও সেই পথের পরিণতি ভোগ করতে হবে।”
চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন অভিযোগ করেন, এনসিপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি পক্ষ আওয়ামী লীগের লোকজনকে ব্যবহার করে এবং সরকারের ভেতরে থাকা অনুসারীদের মদদ ও অর্থায়নে এসব হামলা চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নুসরাত তাবাসসুমের বাড়িতে লাগা আগুন এখনই থামানো না হলে তা আরও ছড়িয়ে পড়তে পারে। জুলাই গণ-অভ্যুত্থানের নেতা-কর্মীদের বাড়িঘর নিরাপদ না থাকলে প্রধানমন্ত্রী তারেক রহমানের গদি ও প্রধানমন্ত্রিত্বও নিরাপদ থাকবে না।”
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেন, গত ১৬-১৭ বছর যারা দেশের বাইরে ছিলেন কিংবা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশে ছিলেন, তাদের কেউ কেউ এখন আওয়ামী লীগের ব্যবসা-বাণিজ্য দখল করে নিয়েছেন।
মশাল মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব জোবায়েরুল আলম মানিক, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক তানজিদ রহমান, মহানগর ছাত্রশক্তির মুখ্য সংগঠক রাশেদ আলম, মহানগর যুবশক্তির আহ্বায়ক বখতিয়ার হোসেন এবং মহানগর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ সাজ্জাদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।