চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজিসহ (লাইট গান) ওমর ফারুক (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) আকবরশাহ থানা-পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এ তথ্য নিশ্চিত করেছে।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে পুলিশের একটি দল নগরের প্রবেশমুখ সিটি গেট এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে ওমর ফারুককে তল্লাশি করা হয় এবং তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ওমর ফারুক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কৃষ্ণারামপুর এলাকার আবুল আজাদের ছেলে।
পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।