বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন ও নো-স্মোকিং সাইন প্রদান করা হয়েছে। হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং মধ্য বাড্ডা কাঁচাবাজার কমিটির সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্য বাড্ডা কাঁচাবাজারে আনুষ্ঠানিকভাবে এসব ডাস্টবিন ও সাইন প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা শহরে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে জনস্বাস্থ্য ও পরিবেশগত সংকটের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কাঁচাবাজারগুলোতে যত্রতত্র বর্জ্য ও পচনশীল উচ্ছিষ্ট ফেলার কারণে মারাত্মক পরিবেশ দূষণ ঘটে এবং রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়।
তারা আরও উল্লেখ করেন, বাজারের উচ্ছিষ্ট ও বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এর জন্য বাজার কমিটি, বিক্রেতা, ক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ছোট ছোট উদ্যোগের ধারাবাহিক বাস্তবায়নের মাধ্যমেই কেবল একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগর পরিবেশ গড়ে তোলা সম্ভব।
ডাস্টবিন স্থাপনের পাশাপাশি বাজারটিতে ধূমপান রোধে 'নো-স্মোকিং সাইন' বা সতর্কতামূলক সাইনও প্রদান করা হয়। আয়োজকদের মতে, কেবল একটি ডাস্টবিন দিয়ে বাজারের পুরো বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব নয়; বরং এই ছোট উদ্যোগগুলোর মাধ্যমে বাজার কমিটি ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য, যাতে ভবিষ্যতে তারা নিজেরাই আরও বড় পরিসરે বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিতে পারেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধ্য বাড্ডা কাঁচাবাজার কমিটির ম্যানেজার মো. মাসুম রানা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার, প্রকল্প কর্মকর্তা মো. ইমরান মিয়া এবং কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তার প্রমুখ।