রাজধানীর ডেমরা এলাকায় একটি কাগজের গোডাউনে (পেপার কারখানা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার মোহাম্মদ রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১০টা ৪৮ মিনিটের দিকে ডেমরা এলাকার ওই কাগজের গোডাউনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং রাত ১২টা ৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার প্রকৃত কারণ এবং অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।