চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামের এক যুবককে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে দক্ষিণ পতেঙ্গার ৪১ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোবারক ইসলাম আব্দুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির বড় ছেলে। তাদের পরিবার আগে দক্ষিণ পতেঙ্গার লালদিয়ার চরে বসবাস করলেও সরকারি উচ্ছেদের পর গত চার বছর ধরে চরপাড়ায় নানাবাড়িতে বসবাস করে আসছিল। মোবারক আগে একটি পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে তিনি নিয়মিত তাঁর বাবার চায়ের দোকানে বসতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানদার শাহ আলমের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এভারগ্রীন কটন ফ্যাক্টরির সামনে থেকে মোবারককে চোর সন্দেহে ধরে নিয়ে যায় অভিযুক্তরা। প্রথমে একটি মাঠে নিয়ে তাঁকে বাঁশ ও তার দিয়ে মারধর করা হয় এবং পরবর্তীতে একটি গুদামে নিয়ে হাত-পা তার দিয়ে বেঁধে একটানা দুই ঘণ্টা নির্যাতন চালানো হয়। এ সময় স্থানীয় লোকজন বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাদের দিকেও তেড়ে আসেন।

প্রায় দুই ঘণ্টা নির্যাতনের পর বিকেল ৫টার দিকে গুরুতর আহত মোবারককে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মা আমেনা বেগম জানান, ঘটনার দিন দুপুর ১২টার দিকে একটি কলা খেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন মোবারক।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মাবুদ বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকি তিন আসামি বর্তমানে পলাতক রয়েছেন। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।