যশোরে পারিবারিক কলহের জেরে শেখ আবু তালেব (৭৫) নামে এক বৃদ্ধকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার (৩৮) নামে এক ব্যক্তিকে ঘটনার এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে যশোর শহরের মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর এলাকার মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে মাথায় গুরুতর আঘাত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শেখ আবু তালেবকে। পরে আত্মীয়-স্বজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের স্বজনদের ধারণা, পূর্ববিরোধ ও পারিবারিক কলহের জের ধরে একই এলাকার শফিয়ার (৩৮) এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার পর কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত শফিয়ারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরে গ্রেপ্তার আসামির দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি: শফিয়ার (৩৮), পিতা মৃত আব্দুল আজিজ, সাং মুনসেফপুর, ৬ নম্বর ওয়ার্ড, কচুয়া, থানা কোতোয়ালী, জেলা যশোর।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।