বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্মার্ট পুলিশিং ও প্রশিক্ষণ খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে আইজিপি মো. আলী হোসেন ফকির আন্তদেশীয় অপরাধ দমন এবং প্রবাসী বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।