চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে দীর্ঘদিন ধরে পথচারীদের স্বাভাবিক চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে পরিচালিত অভিযানে অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ করে ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চান্দগাঁও থানা-পুলিশের সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহায়তা করেন। জনস্বার্থে এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে।