সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব, এফডিআর, জমি কেনাবেচার দলিলসহ ব্যক্তিগত ও আর্থিক নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে করা মামলার তদন্তের অংশ হিসেবে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্ট ব্যাংক ও ভূমি নিবন্ধন কার্যালয়ে পৃথক চিঠি পাঠানো হয়েছে। দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলামের সই করা একাধিক তলবি চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বিভিন্ন ব্যাংকের কাছে শাজাহান খান ও তার পরিবারের সদস্যদের এফডিআর হিসাব, হিসাব খোলার ফরম, টিআইএন এবং কেওয়াইসি (KYC) ফর্মসহ সংশ্লিষ্ট আর্থিক নথি চাওয়া হয়েছে। এ ছাড়া হিসাব খোলার দিন থেকে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের বিস্তারিত বিবরণী (স্টেটমেন্ট) ও অন্যান্য রেকর্ড জমা দিতে বলা হয়েছে। ব্যাংকে জমা অর্থের পরিমাণ, লেনদেনের ধরন এবং অর্থের উৎস যাচাই করতেই এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।

সম্পদের অনুসন্ধানে মাদারীপুর সদর, কালকিনি, রাজৈর ও ভাঙ্গা এলাকার ১৯টি জমির দলিলের সত্যায়িত অনুলিপি চেয়েছে দুদক। পাশাপাশি জমির দাগ ও পরিমাণ, ক্রয়ের তারিখ, দলিলের মূল্য, নিবন্ধিত মূল্য এবং ক্রেতার নামসহ বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। দলিলের ঘোষিত ও নিবন্ধিত মূল্যের মধ্যে কোনো পার্থক্য আছে কি না এবং জমি কেনার অর্থের সঙ্গে আয়ের সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসব নথি তলব করা হয়েছে।

এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য শাজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম ও খন্দকার আবদুল মান্নান নামে আরেক ব্যক্তিকে যথাক্রমে ৮ ও ১১ নভেম্বর হাজির হতে পৃথক নোটিশ দিয়েছিল দুদক। তবে নির্ধারিত দিনে তারা দুদকে হাজির হননি বলে জানা গেছে।

এর আগে ২০২৪ সালের আগস্টে শাজাহান খানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি প্রায় ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাজাহান খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। মামলাগুলোর বিবরণ নিচে দেওয়া হলো:

প্রথম মামলা: শাজাহান খানের বিরুদ্ধে ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাবে ৮৬ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৭৬৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ।

দ্বিতীয় মামলা: শাজাহান খান ও তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের বিরুদ্ধে ৪ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ৮৪৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ।

তৃতীয় মামলা: শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানের বিরুদ্ধে ৯ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার মাদারীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৯ সালে তিনি নৌপরিবহনমন্ত্রীর দায়িত্ব পান এবং ২০১৩ সালের নির্বাচনকালীন মন্ত্রিসভায় নৌপরিবহন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।