যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৭ হাজার ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক চারজনের মধ্যে দুজনের বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যশোর কোতোয়ালি মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের বুধবার (১১ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) আব্দুল্লাহ আল আজাদ। মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানাধীন নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর মেহগুনীতলা মোড় এলাকায় একটি হোটেল ও চায়ের দোকানের সামনে থেকে মোঃ ফারুক রানা (২৭) নামে এক ব্যক্তিকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার ফারুক রানার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে মোঃ ইলতেজা আহম্মেদ হৃদয়ের (৩০) বসতবাড়ির উঠানে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে আরও ১১ হাজার ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ অভিযানে সর্বমোট ১১ হাজার ৫৭০ পিস ইয়াবাসহ ফারুক রানা ও ইলতেজা আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, ডিবির এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে দ্বিতীয় অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজার জামে মসজিদের সামনে নড়াইল-যশোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় একটি সাদা রঙের পুরাতন টয়োটা প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তির কথাবার্তায় সন্দেহ হলে গাড়িটি তল্লাশি করা হয়। পরে গাড়ির ভেতরে থাকা একটি কালো রঙের হ্যান্ডব্যাগ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ জুয়েল রহমান ওরফে জুইন (৩৮) এবং মোঃ আলমগীর হোসেন (৪৪) নামে দুজনকে আটক করা হয়।

আটক জুয়েল রহমান ও আলমগীর হোসেন দুজনই চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাসিন্দা। জুয়েল রহমান বুরিন্দিয়া দক্ষিণপাড়া গ্রামের এবং আলমগীর হোসেন পলুয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

দ্বিতীয় অভিযানে ইয়াবা ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পুরাতন টয়োটা প্রাইভেটকার ও ইংরেজিতে ‘IBRAHIM PLASTIC’ লেখা একটি কালো রঙের হ্যান্ডব্যাগ জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে মোট ১৭ হাজার ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার (১১ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।