বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে করপোরেট অঙ্গনের অন্যতম বৃহৎ ক্রীড়া উৎসব ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট (সিজন-৩)’।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেলসংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ক্লিফটন গ্রুপ ১-০ গোলে কনফিডেন্স সিমেন্টকে হারিয়ে শুভ সূচনা করে। বিজয়ী দলের নওশাদ হন ম্যাচের সেরা খেলোয়াড়। দ্বিতীয় ম্যাচে পিএইচপি ফ্যামিলি ২-০ গোলে হারিয়েছে চৌধুরী গ্রুপকে। এবারের ফুটসাল আসরে দেশের শীর্ষস্থানীয় ২৪টি করপোরেট প্রতিষ্ঠান মোট আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। ফুটসালের পাশাপাশি আগামী ৪ নভেম্বর থেকে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘এশিয়ান গ্রুপ মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’, যেখানে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের তারকা শাটলাররা অংশ নেবেন। আন্তর্জাতিক এ ক্রীড়া মহাযজ্ঞের পর্দা নামবে ৬ নভেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি শারীরিক ফিটনেস ও নিয়মিত খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্রীড়া কার্ড’ চালুর মতো উদ্যোগের প্রশংসা করে খেলোয়াড়দের পাশে দাঁড়াতে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, সিসিসিআই সভাপতি মো. আমিরুল হক, জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির আলি চৌধুরী রাব্বি এবং বিসিবি পরিচালক ও এশিয়ান গ্রুপের ডিএমডি সাকিফ আহমেদ সালাম। আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক ও মূল উদ্যোক্তা ওয়াসিফ আহমেদ সালাম জানান, করপোরেট সংস্কৃতির বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের উদ্দেশ্যেই নিয়মিত এ ক্রীড়া লীগের আয়োজন করা হচ্ছে।