রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের চার কর্মী-নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ১৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দুপুরে রাজধানীর মিরপুর রোডের কলাবাগান ক্রীড়াচক্র মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তিরা হলেন— তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি মো. শামিনুর রহমান (৫৩), যুগ্ম আহ্বায়ক কামরুন্নাহার লিপি (৫০), যুবলীগ কর্মী মো. নাজমুল হাসান (৪৯) এবং আওয়ামী লীগ কর্মী মো. বিল্লাল হোসেন (৪৫)।

পুলিশ সূত্র জানায়, দুপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১০-১৫ জন নেতাকর্মী মোটরসাইকেলে এসে ব্যানার প্রদর্শন ও ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে ধানমন্ডি মডেল থানার ওসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে। তবে তিনি অক্ষত থেকে নাজমুল ও বিল্লালকে হাতেনাতে গ্রেফতার করেন। অন্যদিকে পালিয়ে যাওয়ার সময় কলাবাগান বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচ থেকে শামিনুর ও কামরুন্নাহারকে গ্রেফতার করে কলাবাগান থানা পুলিশ।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থল ও আশপাশ থেকে মোট ১৩টি তাজা ককটেল উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় ধানমন্ডি ও কলাবাগান থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ডিএমপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।