দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা, অপহরণ, শারীরিক নির্যাতন, চাঁদা দাবি ও ব্ল্যাকমেইলের অভিযোগের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে টঙ্গী সরকারি হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে অপহরণ, নির্যাতন, চাঁদা দাবি কিংবা ব্যক্তিগত সম্মানহানির হুমকির মুখে পড়তে হওয়া স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য মারাত্মক হুমকি। অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকের পেশাগত দায়িত্ব; তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের অন্যতম কর্তব্য।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ. কে. এম. আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনের বক্তারা তাঁদের দাবি তুলে ধরেন।

সভাপতি এ. কে. এম. আজিজুল হক বলেন, "সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা মানে সত্য প্রকাশের অধিকার এবং সাধারণ মানুষের তথ্য জানার অধিকার সুরক্ষিত করা। তাই এ ঘটনায় দৃশ্যমান আইনগত পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই।"

সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল বলেন, "সাংবাদিকতা কোনো অপরাধ নয়, বরং সমাজের অপরাধ ও দুর্নীতি তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। মহিন উদ্দিন রিপনের ঘটনায় অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁর ও তাঁর পরিবারের নিরাপত্তা দিতে হবে।"

সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামাল খান বলেন, "সাংবাদিকের কলম স্তব্ধ করে অপরাধ আড়াল করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।"

মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল (খান), সহ-সভাপতি এস এম কামাল, সহ-সভাপতি সিকান্দার আনন্দ, সহ-সাধারণ সম্পাদক রুম্মান শেখ, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মামুন আহমদ ফিরোজ, বিএনপি নেতা বি. এম. শামীম, গাজীপুর সেন্ট্রাল ক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিঙ্কু, গাজীপুর বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল বারী চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন খান, গাজীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল বাশার পলাশ, জার্নালিস্ট এসোসিয়েশন ওয়েলফেয়ারের কেন্দ্রীয় সভাপতি গাজী মামুন, ইনফো টেলিভিশনের সম্পাদক আওলাদ হোসেন, নিরাপদ সড়ক আন্দোলন টঙ্গী পূর্ব থানার যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন এবং টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান শাহা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন-এর টঙ্গী প্রতিনিধি রেজাউল কবির রাজীব, সিনিয়র সাংবাদিক মোঃ পাপেল মিয়া, সাংবাদিক মামুন হাসান, সুজন সারওয়ার, পারভীন ইতি, মো. আনু হাসান, মহুয়া, মোহাম্মদ শামীম রেজা, হানিফ মিয়া, মামুন আহসান, মো. খোকন মিয়া, জসীম উদ্দীন জুয়েলসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন থেকে সাংবাদিক নির্যাতন বন্ধ, গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং হামলা ও হয়রানির ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানানো হয়।