সন্ত্রাসী হামলায় নিহত গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের রসুনহাটা বটতলায় গুরুদাসপুর পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নিহত শাকিল ইসলামের বাবা রবিউল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে ছেলের স্মৃতিচারণ করেন এবং উপস্থিত সবার কাছে তাঁর ছেলের জন্য দোয়া চান। এ সময় তিনি ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বক্তারা শাকিল ইসলামের স্মৃতিচারণ করে তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চান।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমজাদ হোসেন, গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. দুলাল সরকার, সদস্য সচিব আলহাজ্ব সুফী মো. আবু সাঈদ, নিহত শাকিলের বাবা রবিউল ইসলাম, গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম সময় হাসান, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মাসুদ রানা পরামানিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন শিং, সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য মো. আলিম পরামানিক এবং গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্য মো. হারুন অর রশিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে নিহত শাকিল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।