আসন্ন শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, অগ্নিনিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে পুরান ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর চকবাজার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতিতে আয়োজিত এই সভায় ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি এলাকাটির সার্বিক উন্নয়নে তাঁদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

সভায় প্রশাসক আবদুস সালাম বলেন, পুরান ঢাকা একটি ঘনবসতিপূর্ণ ঐতিহ্যবাহী ব্যবসায়িক অঞ্চল হওয়ায় অতীতে কেমিক্যালের কারণে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তাই প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার সময় ফায়ার সার্ভিসের দ্রুত প্রবেশের পথ উন্মুক্ত রাখা অত্যন্ত জরুরি। এছাড়া, অবৈধ দখল ও দোকানপাটের কারণে সংকুচিত সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার কথা উল্লেখ করে তিনি সড়ক মুক্ত রাখতে এবং সার্বিক ড্রেনেজ, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত মান উন্নয়নে প্রশাসন ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, পুরান ঢাকার পরিবেশ উন্নত ও পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে এবং সিটি করপোরেশন এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধিতে বদ্ধপরিকর। মতবিনিময় অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।