নেত্রকোনার কেন্দুয়ায় পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র পৃথক দুটি অভিযানে ৩১০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ ও ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ১০নং কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী (কুন্ডলী) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১০ পিস ইয়াবাসহ মো. জামাত উল্লাহ (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত জামাত উল্লাহ ওই এলাকার মো. মতি মিয়ার ছেলে।
অপরদিকে, একই দিন সকালে নেত্রকোনা জেলা ডিবির (পশ্চিম) উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী রানার নেতৃত্বে ডিবির একটি চৌকস দল উপজেলার মোজাফরপুরগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ৩ শত পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
ডিবি পুলিশের হাতে আটককৃতরা হলেন— কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা (বাদলাপাড়া) গ্রামের শামসুল ইসলামের ছেলে মতিউর রহমান এবং কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধলা গ্রামের মৃত আব্দুল জলিল ভূঁইয়ার ছেলে আব্দুল আজিজ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, "থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক জামাত উল্লাহকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে ডিবি পুলিশের অভিযান ও দু'জন আটকের বিষয়টি ডিবির নিজস্ব এখতিয়ারভুক্ত।"