মাত্র ১৫ দিনের ব্যবধানে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ায় অবস্থিত ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাজারের দুটি দানবাক্স খুলে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে।

সোমবার (২৬ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে লালন অ্যাকাডেমি ভবনের চারতলায় প্রায় তিন ঘণ্টাব্যাপী গণনা শেষে এই টাকা পাওয়া যায়।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার ও স্থানীয় সাংবাদিকরা।

এর আগে গত ১০ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে খোলা ও গণনা করা হয়েছিল দানবাক্সগুলো। সে সময় ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গিয়েছিল।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম জানান, ফকির লালন সাঁইয়ের বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বছরে সাধারণত চারবার দানবাক্স খোলা হয়। এরই ধারাবাহিকতায় ১৩৬তম তিরোধান দিবসের সাত দিন পর আজ দানবাক্সগুলো খোলা হলো এবং প্রাপ্ত পুরো টাকা নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা করা হচ্ছে।