হাতে পলো, উসা ও জাল নিয়ে ভোরের আলো ফুটতেই বিলের পানিতে একসঙ্গে নেমে পড়েন শত শত মানুষ। পানিতে পলো চাপিয়ে মাছ ধরার চিরচেনা এই দৃশ্যের মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদুড়িয়া বিলে হয়ে গেল ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসব।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আয়োজিত এই উৎসবে মাছ পাওয়ার চেয়েও গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও উৎসবের আমেজই বেশি উপভোগ করেছেন অংশ নেওয়া মানুষ।

চতুল, শেখর, ধুলপুকুরিয়া, দুর্গাপুর, তেলজুড়িসহ আশপাশের বিভিন্ন এলাকার শত শত মানুষ এই উৎসবে যোগ দেন। মাছ ধরার পাশাপাশি চলে হাসি-ঠাট্টা, আড্ডা ও স্মৃতিচারণ। তবে উৎসবের আমেজ থাকলেও শিকারিরা জানান, প্রত্যাশার তুলনায় মাছ মিলেছে অনেক কম। বর্তমান প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে এই আয়োজন করা হলেও চায়না দুয়ারি জালের ব্যাপক ব্যবহার, অপরিকল্পিত পুকুর তৈরি এবং কীটনাশকের প্রভাবে দেশীয় মাছ আশঙ্কাজনক হারে কমে গেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

বোয়ালমারী উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা পবিত্র কুমার দাস বলেন, দেশীয় মাছের প্রজনন রক্ষায় সূক্ষ্ম ফাঁসের জালের ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি, তবে লোকবল সংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা কিছুটা কঠিন।