মুক্তির মাত্র দুই দিনের মাথায় ইউটিউবে ১ কোটি ভিউ ছাড়িয়েছে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা জুটির নতুন নাটক ‘ভালো আছো তো?’। সিএমভি চ্যানেলে প্রকাশিত জাকারিয়া সৌখিনের পরিচালনায় নির্মিত এই নাটকটি লক্ষাধিক লাইক ও হাজারো ইতিবাচক মন্তব্যের মাধ্যমে দর্শকের ব্যাপক সাড়া পাচ্ছে।

এর আগে ‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’ নাটকে জনপ্রিয়তা পাওয়া এই জুটি নতুন এই নাটকেও দর্শকদের মুগ্ধ করেছেন। নাটকটির সাফল্যের কারণ হিসেবে এর চমকপ্রদ সূচনা, গভীর ও আবেগঘন গল্প, সাবলীল সংলাপ, চমৎকার দৃশ্যায়ন এবং একটি ব্যতিক্রমী শেষ দৃশ্যকে দায়ী করছেন দর্শকরা।

নির্মাতা জাকারিয়া সৌখিন কাজের স্বীকৃতিতে আনন্দ প্রকাশ করে তার পুরো টিম, প্রযোজক ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অন্যদিকে, সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, রুচিশীল ও মানসম্মত কনটেন্ট তৈরির এই সাফল্য পরবর্তী কাজের ক্ষেত্রে তাদের আরও অনুপ্রেরণা জোগাবে।

নাটকটিতে অপূর্ব ও নীহার সঙ্গে আরও অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক ও প্রান্ত। আহমেদ রিজভীর কথায় এবং সাজিদ সরকারের সুর-সংগীতে নাটকটির একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’-তে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।