খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে মানবপাচার এবং অনিয়মিত অভিবাসনের ঝুঁকি তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করতে ইমাম, আলেম ও ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী।
অনিরাপদ পথে বিদেশযাত্রা প্রতিরোধে ইমামরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন উল্লেখ করে তিনি বলেন, জুমার খুতবায় এ বিষয়ের আলোচনা অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।
রাজধানীর শেরেবাংলা নগরে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ইমামদের জন্য আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে বাস্তবায়িত ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান। তিনি জানান, বিগত কয়েক মাসে ৪৯টি মসজিদে খুতবার মাধ্যমে ২৩ হাজারের বেশি মানুষকে সচেতন করা সম্ভব হয়েছে। মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে সারা দেশের ইমাম ও আলেমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব বলে উল্লেখ করেন বক্তারা। কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশন ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।