অনিবার্য কারণ দেখিয়ে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের নির্ধারিত তৃতীয় সভা স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রমভবনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভার নতুন তারিখ নির্ধারণ করে খুব শীঘ্রই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে বলে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করার উদ্দেশ্যে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আজকের এই সভায় মালিকপক্ষের পক্ষ থেকে মজুরির প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল।
মজুরি প্রস্তাবের বিষয়ে শ্রমিকপক্ষের বক্তব্য হলো, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরির চাহিদা, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনা করে একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে বর্তমান শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।
আজকের সভা স্থগিত হওয়ার বিষয়ে নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আখতার জানান, আজ সকাল ৮টার দিকে বোর্ডের চেয়ারম্যান তাকে ফোন করে সভা স্থগিতের কথা জানান। সভা স্থগিতের পেছনে কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে— চলমান শ্রম আন্দোলন পুরোপুরি বন্ধ না হওয়া এবং সামগ্রিক শ্রম পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়া, চলমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতা।
উল্লেখ্য, বিগত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকরা যে মজুরি দাবি করেছিলেন, মালিকপক্ষ তার অর্ধেক বা তার চেয়েও কম প্রস্তাব করেছিল। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব অনেক কম হওয়ায় তা বড় ধরনের আন্দোলন উসকে দিয়েছিল। পরবর্তীতে শ্রমিকদের লাগাতার আন্দোলন ও দীর্ঘ দর-কষাকষির পর মালিকপক্ষ তাদের প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয়েছিল।