ভালোবাসার টানে হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন এক যুবক। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চীনা নাগরিক জ্যাকি চেউং। ভিন্ন সংস্কৃতির এই বিয়েকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক কৌতূহল। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন উৎসুক এলাকাবাসী।
জানা যায়, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং। এরপর গত ৩ নভেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে গত ১৩ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতিনীতি অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বাংলাদেশে এসে নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জ্যাকি।
কনে নার্গিস আক্তার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার খোয়াজ খাঁর মেয়ে। অন্যদিকে বর জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা এবং ঝাং সিনহাইয়ের ছেলে। চীনে তিনি লরিচালক হিসেবে কাজ করেন এবং তার পরিবারের মূল পেশা কৃষিকাজ।
এই সম্পর্কের পেছনে রয়েছে একটি ব্যতিক্রমী পরিচয়ের গল্প। নার্গিসের বড় ভাই সিরাজুল ইসলাম ঢাকায় একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে একই প্রতিষ্ঠানে কর্মরত জ্যাকি চেউংয়ের সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলে সিরাজুল তার বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন। পরিচয়ের পর জ্যাকি চীন ফিরে গেলেও মুঠোফোন ও অনলাইনে তাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকে। প্রায় ৩-৪ মাসের কথোপকথন থেকে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং উভয় পরিবারের সম্মতিতে জ্যাকি বাংলাদেশে এসে বিয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।
বিয়ে প্রসঙ্গে জ্যাকি চেউং বলেন, ‘নার্গিসের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তার প্রতি ভালোলাগা ও ভালোবাসা তৈরি হয়। তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার সিদ্ধান্ত নিয়েই আমি চীন থেকে বাংলাদেশে এসেছি এবং তাকে বিয়ে করতে পেরে আমি খুবই আনন্দিত। এ দেশের মানুষের ভালোবাসা আমার খুব ভালো লেগেছে। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে আমরা সুখে-শান্তিতে সংসার করতে চাই।’
নববধূ নার্গিস আক্তার বলেন, ‘ভাইয়ের মাধ্যমে জ্যাকির সঙ্গে পরিচয়ের পর নিয়মিত কথা বলতে বলতে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। সে আমাকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে আসায় আমি অত্যন্ত খুশি। পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে এবং স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছি।’
বর্তমানে স্ত্রীকে নিয়ে বেশ আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটছে জ্যাকির। বাংলাদেশি পরিবার ও আত্মীয়-স্বজনের সান্নিধ্য দারুণভাবে উপভোগ করছেন তিনি। পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে দ্রুতই চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই দম্পতির।
এদিকে, বিদেশি যুবকের সঙ্গে স্থানীয় তরুণীর এই বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেবগ্রাম এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন নবদম্পতিকে একনজর দেখতে। কেউ জ্যাকির সঙ্গে পরিচিত হচ্ছেন, আবার কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই বিয়ের বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে পরিচয় ও প্রয়োজনীয় তথ্য ভালোভাবে যাচাই করে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।