নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে ৯৬ লাখ টাকার বাহারাইল বিল উপ-প্রকল্পের আওতায় ফার্ম এক্সেস রোড নির্মাণ কাজকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অপরিকল্পিতভাবে এই রাস্তা নির্মাণ করা হলে ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি ও বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কায় কৃষকেরা প্রস্তাবিত স্থানে লাল নিশান টানিয়ে কাজে আপত্তি জানিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় এবং জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এই ২১০০ মিটার বাঁধ ও সড়ক নির্মাণ প্রকল্পে স্থানীয় কৃষকদের স্বার্থ ও কৃষিজমির ক্ষয়ক্ষতির বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে ভুক্তভোগীদের অভিযোগ। জুড়াইল গ্রামের কৃষকদের দাবি, বাঁধ বা সড়ক নির্মাণের প্রয়োজন হলে তা নদীর পাড়সংলগ্ন এলাকায় করা উচিত। জমি থেকে মাটি সংগ্রহের ফলে ইতিমধ্যেই ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আসন্ন বোরো মৌসুম নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।
জুড়াইল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল আজিজ জানান, এই প্রকল্প বাস্তবায়ন হলে দুই ফসলি জমিতে কৃষিকাজ ব্যাহত হয়ে স্থানীয় মানুষের জীবিকা বিপন্ন হবে। স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মিয়ার মতে, এই রাস্তা নির্মাণের ফলে গ্রামের ৪০ থেকে ৫০টি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এবং জলাবদ্ধতায় কৃষকেরা ফসল হারাতে পারেন, যা দ্রুত তদন্ত করা প্রয়োজন।
এদিকে প্রকল্পের সভাপতি দীন ইসলাম সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান জানিয়েছেন যে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন এবং খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
কৃষকদের দাবি, প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার আগে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রস্তাবিত রাস্তার স্থান, পানি নিষ্কাশনব্যবস্থা এবং কৃষিজমির ক্ষয়ক্ষতি যাচাই করা হোক। জনস্বার্থ ও কৃষিস্বার্থ রক্ষায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।