ভারতের বিহারে ছট পূজায় দেবীর জন্য সাজানো প্রসাদ আগে খেয়ে ফেলায় চার বছর বয়সী নিজের মেয়েকে পিটিয়ে হত্যা করেছেন তার মা। মর্মান্তিক এই ঘটনায় অভিযুক্ত মা রিনা কুমারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার ছট পূজার প্রস্তুতির অংশ হিসেবে বাড়িতে প্রসাদ সাজাচ্ছিলেন রিনা কুমারি। এ সময় পরিবারের অন্য সদস্যরা পূজার আয়োজনের কাজে পার্শ্ববর্তী ঘাটে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে চার বছর বয়সী শিশু সুহানী কুমারি সাজিয়ে রাখা প্রসাদ থেকে একটি খাবার তুলে খেয়ে ফেলে। বিষয়টি নজরে আসতেই ক্ষিপ্ত হয়ে রিনা কুমারি তার মেয়েকে বেধড়ক মারধর শুরু করেন।

নিহত শিশুর বাবা রাজু পাসান জানান, মারধরের মাত্রা এতটাই বেশি ছিল যে সুহানীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। অবস্থা বেগতিক দেখে রিনা নিজেই মেয়েকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্ত্রী ও সন্তানের এমন ঘটনায় শোকে ভেঙে পড়া রাজু পাসান বলেন, আমাদের মেয়ে আমাদের ছেড়ে চলে গেছে, পরিবার থেকে পূজার সমস্ত আনন্দও শেষ হয়ে গেছে। আমি আমার স্ত্রীর কঠোর শাস্তি চাই। তাকে আর আমার জীবনে প্রয়োজন নেই, বাকি সন্তানদের আমি একাই বড় করব। উল্লেখ্য, এই দম্পতির মোট তিনজন সন্তান ছিল।

ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ঘাতক মা রিনা কুমারিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি