চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৯ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ৪০ টন পাথরসহ একটি ভারতীয় ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় জসিম শেখ (২৭) নামের এক ভারতীয় ট্রাকচালককে আটক করে বিজিবি। আটককৃত জসিম ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর এলাকার জমিন শেখের ছেলে।

গতকাল রোববার (১৫ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রাম এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ১০টার দিকে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার পাকা রাস্তায় অবস্থান নেয়। পরে সেখানে একটি পাথরবোঝাই ভারতীয় ট্রাকে তল্লাশি চালিয়ে পাথরের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং ট্রাকচালক জসিম শেখকে আটক করা হয়। জব্দকৃত পাথর, মোবাইল ফোন ও ট্রাকের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকচালকসহ অবৈধভাবে আনা ভারতীয় মোবাইল ফোন ও পাথরবোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।