ইরানের সঙ্গে নতুন করে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যেই মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম এক্সিওস এবং চ্যানেল-১২ এর সাংবাদিক বারাক রেভিড এই তথ্য জানিয়েছেন।
এই রণতরীটি যুক্ত হওয়ার মাধ্যমে বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকশ যুদ্ধবিমানসহ প্রায় ২০ হাজার নাবিক ও মেরিন সেনা অবস্থান করছেন, যা অঞ্চলটির সামরিক ইতিহাসে অত্যন্ত অস্বাভাবিক একটি ঘটনা। এর আগে চলতি বছরের এপ্রিলে ২০০৩ সালের পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন রণতরী মোতায়েন করা হয়েছিল।
ইউএসএস রুজভেল্টের আগে থেকেই ওই অঞ্চলে ‘ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ বুশ’ এবং ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ অবস্থান করছিল। এর পাশাপাশি তিনটি টাস্কফোর্সও সেখানে সক্রিয় রয়েছে। ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ চলাকালে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ নেতৃত্বে থাকলেও পরবর্তীতে নাবিকদের বিশ্রাম ও বদলির অংশ হিসেবে অন্য রণতরী ও যুদ্ধজাহাজগুলোকে সেখানে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালালে ইরানও পাল্টা সামরিক অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ করে। টানা ৪০ দিন যুদ্ধ চলার পর গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়েছিল। যদিও বর্তমান সময়ে সরাসরি হামলা ও পাল্টা হামলা বন্ধ রয়েছে, তবে পরিস্থিতি যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় ইউএসএস রুজভেল্টের প্রবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, একাধিক মার্কিন সংবাদমাধ্যম আগেই জানিয়েছিল যে ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক অভিযান শুরু হলে ইউএসএস রুজভেল্ট তাতে সরাসরি অংশ নেবে।
সূত্র: এপি