সিরামের গুণাগুণ এবং ভিটামিন-সি, ভিটামিন-ই ও শিয়াবাটারের নিখুঁত সমন্বয়ে নতুন ফর্মুলেশনে বাজারে এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লিলির নতুন পণ্য ‘লিলি সিরাম গ্লো সোপ’। ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ—এই তিন ভিন্ন ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে নতুন এই সাবান।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে লিলি সিরাম গ্লো সোপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা সাবিলা নূর। এ সময় পণ্যটির আনুষ্ঠানিক বাজারজাতকরণের ঘোষণা দেন লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান।

আয়োজকরা জানান, নতুন এই সাবানে থাকা ভিটামিন-সি সিরাম ত্বক উজ্জ্বল করতে ও ডার্ক স্পট কমাতে সাহায্য করে। পাশাপাশি ভিটামিন-ই সিরাম ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে এবং পরিবেশগত ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষা দেয়। এছাড়া শিয়াবাটার ত্বককে নরম ও মসৃণ রাখতে কার্যকর ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর বলেন, লিলি বাংলাদেশের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একটি ব্র্যান্ড। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত বোধ করছেন। সিরাম ও ভিটামিনের সমন্বয়ে তৈরি এই বিশেষ সোপের গুণাবলি তিনি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চান।

লিলি সোপের নতুন ফর্মুলেশনের পেছনের ভাবনা তুলে ধরে লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, বর্তমানের সচেতন ভোক্তারা ত্বক পরিষ্কারের পাশাপাশি প্রসাধনসামগ্রীর উপাদান ও কার্যকারিতা সম্পর্কেও জানতে চান। ক্রেতাদের সেই চাহিদার কথা মাথায় রেখেই লিলি সিরাম গ্লো সোপের এই নতুন রূপায়ন। গুণগত মান বজায় রেখে লিলিকে দেশের সেরা সাবান ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আধুনিক খুচরা বাজারে লিলির ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা উল্লেখ করে মডার্ন ট্রেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হেলাল উদ্দিন বলেন, সুপারশপ ও রিটেইল আউটলেটগুলোতে রিমার্কের পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। লিলি সিরাম গ্লো সোপের এই নতুন সংযোজন ক্রেতাদের চাহিদা পূরণে নতুন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানে রিমার্কের সেলস অপারেশন পরিচালক কামাল হোসেন বলেন, রিমার্কের পণ্যগুলো ইতোমধ্যে গুণগত মানে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়ে ভোক্তাদের আস্থার জায়গা দখল করেছে। তাদের বিশ্বাস, লিলি সিরাম গ্লো সোপও নিজস্ব মানের সুবাদে দ্রুতই বাজারে শীর্ষস্থান অর্জন করবে।

উল্লেখ্য, ইউএসএ এফিলিয়েটেড ব্র্যান্ড লিলির স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিউটি, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আইএসও, সিজিএমপি, হালাল সার্টিফিকেশন ও গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দেশ ও দেশের বাইরে মানসম্মত পণ্য সরবরাহ করে আসছে।