খুলনা জেলার কৃষকদের ডিজিটাল সেবার আওতায় আনতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। জেলায় মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩২ জন কৃষককে কৃষক কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে বিশেষ অ্যাপসের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

রোববার (১৫ নভেম্বর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম এই তথ্য জানান। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক হুরে জান্নাত জেলার সব হাসপাতালে অগ্নিদুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি চলমান ওএমএস (খোলাবাজারে পণ্য বিক্রি) কার্যক্রমে তদারকি বাড়ানো এবং দাকোপের পানখালী এসডিজি গ্রাম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে তাদের নির্ধারিত কাজ যথাযথভাবে সম্পন্ন করার আহ্বান জানান তিনি। এ ছাড়া চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি গঠন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

সভায় সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামান জানান, খুলনায় হাম ও ডেঙ্গু সংক্রমণের তীব্রতা ধীরে ধীরে কমে আসছে। বর্তমানে প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই কার্যক্রমকে আরও বেগবান করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে, জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান সভায় জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞাকালীন গত মাসে জেলায় ৩৯টি ভ্রাম্যমাণ আদালত এবং ১৩৪টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ১২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।