হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে স্বর্ণের বার, স্মার্টফোন এবং বিপুল পরিমাণ প্রসাধনীসহ প্রায় সোয়া কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শুক্রবার (১৩ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকক থেকে আসা পৃথক তিনটি চালানে অভিযান চালিয়ে মোট ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোন, বিপুল পরিমাণ সাবান ও অন্যান্য প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, প্রথম অভিযানে ব্যাংকক থেকে আসা মো. আবুল হোসেন নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার ব্যাগেজ থেকে বিভিন্ন ধরনের কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।
অন্যদিকে, একই দিনে ব্যাংকক থেকে আসা শাহ আলম আজিজ নামের অপর এক যাত্রীর ব্যাগেজে ৩০০ গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়। পাশাপাশি তার ব্যাগেজ থেকে স্যামসাং, অনার ও রিয়েলমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬ দশমিক ৩৭৫ কেজি কসমেটিকস উদ্ধার করা হয়। এ ক্ষেত্রে প্রযোজ্য কর পরিশোধ ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ব্যাগেজ বিধিমালার আওতায় তাকে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দেওয়া হয় এবং বাকি স্বর্ণ ও অতিরিক্ত পণ্য জব্দ করা হয়। এই চালানে জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।
এ ছাড়া একই ফ্লাইটে আসা আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ দশমিক ৪৮ কেজি সাবান পাওয়া যায়। তাকেও ব্যাগেজ সুবিধার আওতায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে বাকি স্বর্ণ ও অতিরিক্ত সাবান জব্দ করা হয়। এই চালানে জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।
জব্দ করা এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় এক কোটি ১২ লাখ টাকার ওপরে। এ ঘটনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।