ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের সুভানপাড়া ও মণ্ডলপাড়া সীমান্তসংলগ্ন এলাকার চা-বাগানের পাশে দিনে-দুপুরে একটি বাঘ ঘুরতে দেখা গেছে। এ ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বন্যপ্রাণীটি যেকোনো সময় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও সীমান্ত সূত্রে জানা গেছে, সুভানপাড়া ও মণ্ডলপাড়া সীমান্তের ওপারে (ভারতীয় অংশে) চা-বাগানের পাশে বাঘটিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। দিনের বেলাতেই বাঘটির এমন বিচরণ নজরে আসায় চা-বাগানের শ্রমিক ও সীমান্তসংলগ্ন কৃষকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। অনেকেই আতঙ্কে জমিতে কাজ করতে যেতে ভয় পাচ্ছেন।
এদিকে, বাঘটি সীমান্ত পেরিয়ে যেকোনো মুহূর্তে বাংলাদেশের লোকালয়ে ঢুকে জানমালের ক্ষতি করতে পারে—এমন আশঙ্কায় এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও মাইকিংয়ের মাধ্যমে সীমান্তবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে সন্ধ্যার পর এবং ভোরে একা সীমান্তের কাছাকাছি না যাওয়ার জন্য এবং গবাদিপশু নিরাপদ আশ্রয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বাঘটির গতিবিধির ওপর বিজিবি সদস্যরা সতর্ক নজর রাখছেন এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে নিকটস্থ বিজিবি ক্যাম্পে খবর দেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানানো হয়েছে।