জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদে দাঁড়িয়ে ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাটির দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে পুড়ে যাওয়া বাড়িটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু এই অভিযোগ করেন।

ডা. মাহমুদা মিতু বলেন, "সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। একদিকে ছাত্রলীগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দায় স্বীকার করছে, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন—আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।"

তিনি আরও বলেন, যে বাড়িতে সাত-আটজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত ও শিশুদের পড়াশোনার বইপত্র তারা নিজের চোখে দেখেছেন। অথচ সেই বাড়িটিকে পরিকল্পিতভাবে 'পরিত্যক্ত' ও সেখানে 'ছাগল থাকত' বলে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান তিনি।

এ সময় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, "গতকাল থানায় মামলা করার সময় এক আসামির অবস্থান ও মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) জানিয়েছিলাম। আশা করেছিলাম দ্রুত দৃশ্যমান অগ্রগতি দেখব, কিন্তু এখনো তেমন কোনো ফলাফল মেলেনি।"

তদন্তের দিক পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করে নুসরাত তাবাসসুম বলেন, "কোনো ধরনের তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে তদন্তের ফলাফল বলে দেওয়ার মতো আচরণ আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। কারা এর সঙ্গে জড়িত, সেটি খুঁজে বের না করে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি না—এসব অবান্তর বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।"

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পারিবারিক বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। হামলায় বাড়িটির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার এমপি নুসরাত তাবাসসুম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়।

শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে যাওয়া বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন—এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।