ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোড়াদহ গ্রামে জমি কেনাবেচার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নূর মোহাম্মদ মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের হানেফ আলীর ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম (৩৫) পলাতক রয়েছেন। তিনি একই উপজেলার পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে পোড়াদহ গ্রামের জসিমের কাছ থেকে বাড়ির একটি জমি কেনেন নূর মোহাম্মদ। ওই জমি কেনাবেচা বাবদ জসিম নূর মোহাম্মদের কাছে প্রায় ৬০ হাজার টাকা পেতেন। শুক্রবার দুপুরে মাঠে কলাই তোলার সময় দুজন পাশাপাশি বসে ছিলেন। একপর্যায়ে ওই পাওনা টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। বাকবিতণ্ডার জেরে জসিম উত্তেজিত হয়ে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে নূর মোহাম্মদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন।

পরে নূর মোহাম্মদের চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্বজনেরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, জমি বিক্রির পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পরপরই অভিযুক্ত জসিম পালিয়ে গেছেন, তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।