যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ভ্রমণ করের জাল রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের বিরুদ্ধে।
এই জালিয়াতির ঘটনায় বুধবার (১১ নভেম্বর) সকালে সাতজন ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। তবে ভবিষ্যতে এ ধরনের অপরাধে না জড়ানোর শর্তে মুচলেকা নিয়ে পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
আটক ভারতীয় নাগরিকরা হলেন বনিক প্রান্ত, রঞ্জিত, রতন কুমার, বিশ্বজিৎ, যুবরাজ সাহা, দ্বীপা রানী এবং দেব কুমার।
আটক যাত্রীদের একজন বিশ্বজিৎ জানান, বাংলাদেশ থেকে ভারতে ফেরার সময় দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার কথা বলে বেনাপোল চেকপোস্ট এলাকার পরিবহনকর্মী মিলন হোসেন খান ও তার ভাই রিপন হোসেনের কাছে পাসপোর্ট জমা দেন তারা। পরবর্তীতে চক্রটি তাদের ভ্রমণ করের জাল রসিদ সরবরাহ করে। ওই রসিদ নিয়ে ইমিগ্রেশন পার হতে গেলে কাস্টমস কর্তৃপক্ষের যাচাইয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
অভিযোগ রয়েছে, চক্রটি প্রতিদিন পরিবহনে আসা পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বাবদ জনপ্রতি ১ হাজার ২০০ টাকা করে আদায় করে। এরপর স্থানীয় কম্পিউটারের দোকান থেকে ভ্রমণ কর ও বন্দর করের ভুয়া রসিদ তৈরি করে যাত্রীদের হাতে তুলে দেয়। এভাবেই দীর্ঘদিন ধরে সরকারি কোষাগারের বিপুল পরিমাণ রাজস্ব আত্মসাৎ করা হচ্ছে। এদিকে বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা গেছে, মূল অভিযুক্ত মিলন হোসেন খানের বিরুদ্ধে মানবপাচারের একটি মামলাও রয়েছে।
এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার আজহারুল ইসলাম জানান, মিলন খান ও তার ভাই রিপন হোসেনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ভ্রমণ কর জালিয়াতির মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে আসছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে সাত ভারতীয় যাত্রীকে কাস্টমস কর্তৃপক্ষ আটক করেছিল। তবে এ ধরনের জালিয়াতির মূল হোতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় এই অপরাধ বন্ধ হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।