মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের ওই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার মো. মিয়ারুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম ইসলাম ওরফে আকাশ (২৪) এবং শিশুবাগানপাড়ার মো. বাবু বিশ্বাসের ছেলে আলী কদর ওরফে শাওন (১৯)।
বুধবার দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে কয়েকজন দুর্বৃত্ত মেহেরপুর সরকারি কলেজের সীমানাপ্রাচীরের ভেতর থেকে পেট্রোলভর্তি বোতলে কাপড় পেঁচিয়ে আগুন ধরিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে নিক্ষেপ করে। তবে বোতলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে স্মৃতিস্তম্ভের পাশে পড়ে যাওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ওই দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।