সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি এবং সাংবাদিকদের লাঞ্ছিত করার উসকানি দেওয়ায় কক্সবাজারের রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হককে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) কক্সবাজার জেলা ছাত্রদল এই সিদ্ধান্ত নেয়।
জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হককে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সব পদ থেকে আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেন।
এর আগে বুধবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মোর্শেদুল হক কক্সবাজারের আঞ্চলিক অনলাইন গণমাধ্যম ‘টেলিগ্রাম নিউজ’-এর অফিসের ঠিকানা জানতে চেয়ে তা পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। একইসঙ্গে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে গণমাধ্যমটির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া এবং সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার উসকানিমূলক মন্তব্য করেন।
ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে টেলিগ্রাম নিউজের সম্পাদক ও দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন জানান, গত মঙ্গলবার কক্সবাজার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক পূর্বকোণের কক্সবাজার সংবাদদাতা মো. এরফান এক ছাত্রদল নেতার নেতৃত্বাধীন একটি দলের হামলা ও হেনস্তার শিকার হন। এ বিষয়ে টেলিগ্রাম নিউজে সংবাদ প্রকাশিত হলে তা সরিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে তদবির করা হয়। এরই ধারাবাহিকতায় মোর্শেদুল হক ফেসবুকে ওই হুমকিমূলক স্ট্যাটাস দেন।
জসিম উদ্দিন বলেন, কোনো সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে প্রতিবাদ জানানো বা আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে; কিন্তু সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি কিংবা সাংবাদিককে লাঞ্ছিত করার উসকানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে বক্তব্য জানতে মোর্শেদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান জানান, মোর্শেদুল হকের ওই স্ট্যাটাসটি দলের জন্য অত্যন্ত বিব্রতকর। এর আগেও তিনি বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন। অতি উৎসাহী হয়ে সংবাদমাধ্যমের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডের কারণে তাকে দল ও পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।