গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নিলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকর করাসহ কয়েকটি দাবিতে প্রথমে একটি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এদিকে, মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম গার্মেন্টস এবং স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা পুনরায় সড়কে অবস্থান নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।