রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর হেফাজতে ইসলাম।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেলে ঢাকা মহানগর উত্তর হেফাজতে ইসলামের সহ-সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উত্তরা ১২ নম্বর খালপাড় থেকে শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১৩ নম্বর সেক্টর হয়ে ময়লার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। প্রয়োজনে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও কঠোর আন্দোলনে নামতে এবং দাবি আদায়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত রয়েছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্ব এবং সাবেক মহানগর যুবদল নেতা শিমুল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।