ভালোবাসার সম্পর্কের জেরে কাবিননামা হাতে নিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামের এক তরুণী। তবে তরুণীর অনশনের খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে এই ঘটনা ঘটে।
অনশনকারী সাদিয়া আক্তার মীম উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি ফারাজীপাড়া গ্রামের আবু সাইদ মিয়ার মেয়ে। আর অভিযুক্ত স্বামী ইমদাদুল হক রিয়াদ (২৪) পুঠিকাটা গ্রামের ইউসুফ আলীর ছেলে।
ভুক্তভোগী সাদিয়া আক্তার মীম জানান, ২০২০ সাল থেকে রিয়াদের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক চলে আসছে। এর ধারাবাহিকতায় চলতি বছরের ১০ অক্টোবর লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাজী মো. ফয়জার রহমানের কার্যালয়ে ১৩ লাখ টাকা দেনমোহরে নিকাহনামার মাধ্যমে তাঁদের বিয়ের অঙ্গীকারনামা সম্পাদিত হয়। এর আগে ২০২৩ সালেও তাঁদের বিয়ে হয়েছিল জানিয়ে তিনি বলেন, বয়স কম থাকায় সেসময় রিয়াদের পরিবার সেই বিয়ে মেনে নেয়নি।
মীমের অভিযোগ, বিয়ের পরও গত এক মাস ধরে তাঁকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন রিয়াদ। পরিবারের চাপে রিয়াদ তাঁকে এড়িয়ে চলছেন। কোনো উপায় না পেয়ে কাবিননামা ও সম্পর্কের নানা প্রমাণপত্র নিয়ে স্বামীর বাড়িতে হাজির হন তিনি। স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার পথ বেছে নেওয়ার হুমকিও দেন এই তরুণী।
স্থানীয় প্রতিবেশী হায়দার আলী ও আব্দুস সালাম জানান, দুপুরে মেয়েটি বাড়িতে আসার পর পরিবারের লোকজন কৌশলে তাঁকে দূরে সরিয়ে দিয়ে বাড়ির প্রধান ফটকে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। গভীর রাত পর্যন্তও ছেলে বা তাঁর পরিবারের কারও কোনো খোঁজ পাওয়া যায়নি। মেয়েটির হাতে বৈধ কাবিননামা ও সম্পর্কের প্রমাণ রয়েছে উল্লেখ করে স্থানীয়রা বিষয়টি সঠিকভাবে যাচাই করে তাঁর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন।
এদিকে এ বিষয়ে অভিযুক্ত রিয়াদ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, অনশনের বিষয়টি তাঁদের জানা নেই। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।