কথা ছিল মাত্র ১৮ মাসের মধ্যে শেষ হবে নির্মাণকাজ। কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ। বিভিন্ন জটিলতা ও দীর্ঘসূত্রতার পর গত প্রায় ছয় মাস ধরে কাজ পুরোপুরি বন্ধ থাকায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লিরা।
জানা যায়, সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে ২০১৯ সালের ৩ এপ্রিল তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১১ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বিশ্বাস বিল্ডার্স’। নিয়ম অনুযায়ী ১৮ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও জায়গা নির্ধারণ, পুরোনো মসজিদ ভাঙা, পুকুর ভরাট, করোনা মহামারি, বন্যা ও অর্থায়নসংক্রান্ত জটিলতায় তা যথাসময়ে শুরু করা যায়নি। পরবর্তীতে ২০২০ সালে কাজ শুরু হলেও গত ছয় বছরেও তা সমাপ্ত হয়নি। অথচ জেলা ও অন্যান্য উপজেলার মডেল মসজিদের কাজ শেষ হয়ে ইতোমধ্যে কার্যক্রম শুরু হলেও তাহিরপুরবাসীর সেই প্রত্যাশা অধরাই রয়ে গেছে। দীর্ঘ ছয় বছর ধরে একটি টিনশেডের অস্থায়ী ভবনে কষ্ট করে জুমারসহ নিয়মিত নামাজ আদায় করতে হচ্ছে স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, উপজেলা চত্বরে নির্মাণাধীন মসজিদটির কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। চারপাশে নির্মাণসামগ্রী এলোমেলোভাবে পড়ে থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি, কেবল একজন স্থানীয় বৃদ্ধকে এগুলো পাহারা দিতে দেখা যায়।
কাজে এমন দীর্ঘসূত্রতার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। হারুন রশিদ ও ইমরান হোসেন নামের স্থানীয় দুই মুসল্লি জানান, কাজের দাবিতে গত বছর মানববন্ধন করেও কোনো সুফল মেলেনি। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় হতাশ এলাকাবাসী দ্রুত জটিলতা নিরসন করে মসজিদটি চালুর জোরালো দাবি জানিয়েছেন। তানিম আহমদ লিংকন নামে এক স্থানীয় যুবক বলেন, ‘অন্যান্য উপজেলার কাজ শেষ হলেও আমাদের এখানে কেন এই অচলাবস্থা, তা কেউ বলতে পারছে না। আমরা চাই দ্রুত ভালো কোনো ঠিকাদারের মাধ্যমে এটি সম্পন্ন করা হোক।’
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কথা স্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, দ্রুত নতুন ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু করা হবে।
অন্যদিকে, সুনামগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বর্তমানে মামলা চলছে। আইনি প্রক্রিয়া শেষে গণপূর্ত অধিদপ্তর জয়ী হলে নতুন করে দরপত্র আহ্বান করে দ্রুত সময়ের মধ্যে অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী বলেন, ‘আমি নতুন যোগদানের পর মসজিদটির কাজ বন্ধ দেখে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা দ্রুত কাজ চালুর বিষয়ে আশ্বস্ত করেছেন।’