দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতা বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; বরং এটি পারস্পরিক বোঝাপড়া, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিরও একটি বড় ক্ষেত্র। বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও গতিশীল করতে দায়িত্বশীল গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অপরিহার্য। এ ধরনের স্বীকৃতি দুই দেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত যোগাযোগ বাড়ানোর পাশাপাশি মানসম্মত ও সৃজনশীল সাংবাদিকতায় উৎসাহ জোগাবে।

বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতাদের চারটি বিভাগে মোট ২৬ জনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে অর্থমূল্যের চেক, স্মারক ও সনদ তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম, ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।

এ ছাড়া চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী, সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরীসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢাকাস্থ চীনা দূতাবাসের সার্বিক সহযোগিতায় সিএমজি ঢাকা স্টুডিও ও আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।