ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখা এবং সরকার নির্ধারিত মূল্যে এলপিজি (গ্যাস) সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বুধবার (১১ নভেম্বর) পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দেশের ৩৮টি জেলার ৯৫টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, এদিন ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে ৫৪টি টিম পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এই অভিযান পরিচালনা করে। ভোজ্যতেল ও নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় রোধ করতে এই উদ্যোগ নেওয়া হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, ওজন ও পরিমাপে কারচুপি রোধ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধের বিষয়টি তদারকি করা হয়। বিশেষ করে গ্যাস সিলিন্ডারের সঠিক মজুদ মনিটরিং, নিরাপত্তাবিধি প্রতিপালন এবং মেয়াদোত্তীর্ণ বা অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা নিবিড়ভাবে যাচাই করা হয়।
এ সময় ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, ক্যাব (কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এবং বণিক সমিতির প্রতিনিধিরা এই বাজার তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এবং বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য বজায় রাখতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পণ্য ক্রয়ে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার সম্মুখীন হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।