নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সংগঠনটির একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত মাদরাসা ভবন সরজমিনে পরিদর্শন করে এবং হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসানের যৌথ নেতৃত্বে প্রতিনিধি দলটি পরিদর্শনে অংশ নেয়।
পরিদর্শনকালে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন অগ্নিকাণ্ডে আহত ও অসুস্থ শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং মাদরাসা কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
প্রতিনিধি দলের নেতারা আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত মাদরাসা ভবন পুনর্নির্মাণ ও পুনর্বাসনে সরকারসহ দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে দেশবাসীর কাছে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত আরোগ্যের জন্য দোয়ার আহ্বান জানানো হয়।