টাঙ্গাইলের মধুপুরে ১২ বছর বয়সী  বুদ্ধি প্রতিবন্ধী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা প্রধান ও স্থানীয় মসজিদের ইমাম মোফাজ্জল নামের হুজুরের ফাঁসির দাবিতে দীর্ঘ বিক্ষোভ মিছিল এবং দুই দফা সমাবেশ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দেড় ঘন্টা ধরে চলে এ কর্মসূচি। 

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ধর্ষিত শিশুর বাড়ি পৌর এলাকার নাগবাড়ী থেকে শুরু করে প্রায় তিন কি. মি দূরে উপজেলা চত্ত্বর পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে।

 বিক্ষোভ মিছিল মধুপুর পৌর শহরে প্রবেশ করে প্রথমে বাসস্ট্যান্ডের আনারস চত্বরে সমাবেশ করে। এরপর আবার মিছিল  করে বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে গিয়ে দ্বিতীয় বার সমাবেশ করে। এতে বক্তৃতা করেন কর্মসূচির নেতৃত্বদানকারী এলাকার বাসিন্দা মো. জাবেদ আলী ওরফে বালা, নাহিদ, বাউল শিল্পী সুবর্ণা পারভীন, নিজেরা করি'র প্রতিনিধি মজিবর রহমান প্রমুখ। স্থানীয়দের উদ্যোগের এ কর্মসূচিতে নারী শিশুসহ অসংখ্য এলাকািাসী অশ নেন।  

উল্লেখ্য, বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অভিযুক্ত মোফাজ্জল হোসেন টেকী নাগবাড়ী রিয়াজুল জান্নাহ গোরস্থান নূরানী ও হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক এবং বয়েল মোড় জামে মসজিদের ইমাম। তিনি নাগবাড়ী একই এলাকার মৃত বাবুর আলীর ছেলে। নির্যাতিত  শিশুটির সম্পর্কে চাচা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর বিকেল ৫টার দিকে মাদরাসার নিজ কক্ষে ডেকে নিয়ে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করেন মোফাজ্জল হোসেন। ২০ টাকা দিয়ে  মোজো খেতে বলে ঘটনার বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। 

পরবর্তীতে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।এর আগেও একাধিকবার মোফাজ্জল এ কাজটি করেছেন। শনিবারের ঘটনা জানাজানির পর বাবা বাদী হয়ে মধুপুর থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মোফাজ্জল হোসেন পলাতক রয়েছেন বলে জানা গেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী ফজিলা,রাব্বিসহ অনেকে বলেন, মাদরাসার মতো শিক্ষাপ্রতিষ্ঠানে  একজন শিশুর সঙ্গে এমন অপরাধের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পথচারীরা মন্তব্য করেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর নজরদারি ও সুরক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরী। 

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান,আসামিকে আটক করার  সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আশা করি অচিরেই আটক করা হবে। 

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম জানান, আন্দোলনকারীদের আশ্বস্ত করা হয়েছে ঘটনায় দোষীকে আটক করতে সর্বোচ্চ পুলিশী চেষ্টা করা হবে। পুলিশকে সে ভাবে অভিযান পরিচালনা করতে বলা হয়েছে।